বড় বিপদের আগে ফোনই দেবে সতর্কবার্তা, জানুন ভূমিকম্পের অ্যালার্ট অন করার সহজ পদ্ধতি – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রকৃতির তাণ্ডব কখন শুরু হবে তা আগে থেকে বলা কঠিন হলেও প্রযুক্তির কল্যাণে এখন কিছুটা সময় হাতে পাওয়া সম্ভব। বিশেষ করে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের ক্ষেত্রে কয়েক সেকেন্ডের আগাম সতর্কবার্তাও জীবন বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াতে পারে। গুগল তাদের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে ‘আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’, যা ভূমিকম্প অনুভূত হওয়ার ঠিক কয়েক মুহূর্ত আগে আপনার ফোনে বিশেষ সংকেত পাঠিয়ে দেবে।
আপনার হাতে থাকা স্মার্টফোনটি কীভাবে জীবনদায়ী এই ডিভাইসে পরিণত করবেন, দেখে নিন তার ধাপে ধাপে প্রক্রিয়া:
যেভাবে ফোনে ভূমিকম্পের অ্যালার্ট চালু করবেন
১. সেটিংস মেনু: প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ‘Settings’ অপশনে যান।
২. সেফটি অ্যান্ড ইমার্জেন্সি: স্ক্রল করে নিচের দিকে নামলে ‘Safety and Emergency’ নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন।
৩. আর্থকোয়েক অ্যালার্ট: এই অপশনের ভেতরে ‘Earthquake Alerts’ লেখাটি দেখতে পাবেন। এটিতে ট্যাপ করে সার্ভিসটি ‘On’ বা সক্রিয় করে দিন।
৪. ইমার্জেন্সি এসওএস: বাড়তি নিরাপত্তার জন্য একই জায়গার ‘Emergency SOS’ অ্যালার্ট অপশনটিও অন করে রাখুন। এটি বিপদের সময় দ্রুত সাহায্য পেতে কার্যকর ভূমিকা রাখে।
জরুরি কিছু তথ্য
- ইন্টারনেট সংযোগ: এই অ্যালার্ট সিস্টেমটি কাজ করার জন্য আপনার ফোনে অবশ্যই সক্রিয় ইন্টারনেট সংযোগ (Mobile Data বা Wi-Fi) থাকতে হবে।
- লোকেশন সার্ভিস: ফোনের ‘Location’ সার্ভিস অন থাকা জরুরি, কারণ আপনার বর্তমান অবস্থানের ওপর ভিত্তি করেই গুগল আগাম বার্তা পাঠায়।
গুগলের এই বিশেষ সেন্সর প্রযুক্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে মাটির নিচের কম্পন দ্রুত শনাক্ত করতে পারে। ফলে কম্পন আপনার এলাকায় পৌঁছানোর আগেই ফোন সজাগ করে দেয়। এই সামান্য কয়েকটি সেটিংস বদলে নিয়ে আপনি এবং আপনার পরিবারকে সম্ভাব্য বড় বিপদ থেকে সুরক্ষিত রাখতে পারেন।

