বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর: স্বাস্থ্য ও শিল্পসহ ২৩টি দফতরের বোর্ড-কমিটি থেকে ইস্তফা মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের মুখে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য, শিল্প, বন ও তথ্য-সংস্কৃতিসহ মোট ২৩টি সরকারি দফতরের বিভিন্ন বোর্ড ও কমিটির শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে এই মর্মে প্রতিটি দফতরের সচিব ও শীর্ষ আধিকারিকদের কাছে জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট পদগুলি থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন এবং তাঁর ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। এই তালিকার বাইরেও অন্য কোনো সংস্থা বা পর্ষদে তাঁর নাম থাকলে, সেখান থেকেও অব্যাহতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের পক্ষ থেকে সমস্ত দফতরকে আগামী ২৫শে মার্চের মধ্যে এই সংক্রান্ত ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, নির্বাচনের আগে এটি একটি নিয়মিত প্রক্রিয়া হলেও এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। পরিকল্পনা, বিপর্যয় মোকাবিলা এবং সংখ্যালঘু উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী চেয়ারম্যান বা সদস্য পদে ছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রশাসনিক রদবদল সম্পন্ন করার জন্য নবান্ন থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। তবে এই গণ-ইস্তফার নেপথ্যে নির্দিষ্ট কোনো কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

