বনগাঁয় চরম হেনস্থার শিকার মিমি! মাঝপথেই নামিয়ে দেওয়া হলো স্টেজ থেকে, দায়ের এফআইআর – এবেলা
এবেলা ডেস্কঃ
বনগাঁ: অনুষ্ঠান করতে গিয়ে নজিরবিহীন অপমানের মুখে পড়লেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় তাঁকে মাঝপথেই স্টেজ থেকে নেমে যেতে বাধ্য করেন আয়োজকরা। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ অভিনেত্রী সোমবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঠিক কী ঘটেছিল?
রবিবার রাতে বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমি। অভিনেত্রীর দাবি, পৌঁছাতে সামান্য দেরি হলেও তিনি মঞ্চে ওঠার পর দর্শক ও অনুরাগীদের জন্য দ্রুত পারফর্ম করা শুরু করেন। কিন্তু অভিযোগ, অনুষ্ঠান চলাকালীনই আয়োজকদের পক্ষ থেকে তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি তাঁকে মঞ্চ ছাড়ার নির্দেশ দেন। এমনকি মিমির সঙ্গে যাঁরা ছবি তুলছিলেন, তাঁদেরও সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
প্রথমবার এমন কদর্য অভিজ্ঞতার মুখোমুখি হয়ে হতবাক মিমি চক্রবর্তী। সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “এত বছর শো করছি, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। আমি কোনও কথা না বাড়িয়ে স্টেজ থেকে নেমে আসি। তবে আজ চুপ থাকলে ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটবে।” আইনি পথেই তিনি এই অপমানের যোগ্য জবাব দিতে চান বলে জানিয়েছেন।
সম্প্রতি লগ্নজিতা চক্রবর্তী বা স্নিগ্ধজিৎ ভৌমিকের মতো শিল্পীদের সাথেও মঞ্চে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। মিমির এই কঠোর অবস্থান বিনোদন জগতে শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

