বনগাঁয় মিমিকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার সেই জ্যোতিষী তনয় শাস্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
বনগাঁ: অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থা ও অপমানের অভিযোগে গ্রেফতার করা হলেন আয়োজক তনয় শাস্ত্রী। বৃহস্পতিবার দুপুরে বনগাঁ থানার পুলিশ তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে এবং পরে গ্রেফতার করা হয়।
ঠিক কী ঘটেছিল?
গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমি। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তনয় শাস্ত্রী হঠাৎ মঞ্চে উঠে মিমির গানে বাধা দেন এবং তাঁকে নেমে যেতে বলেন। মিমি জানান, তনয়ের বাড়িতে অতিথি হিসেবে যেতে রাজি না হওয়াতেই তাঁর সঙ্গে এই অশালীন আচরণ করা হয়েছে। অপমানের প্রতিবাদে ই-মেলের মাধ্যমে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী।
উত্তপ্ত থানা চত্বর:
বৃহস্পতিবার পুলিশ তনয়কে আটক করতে গেলে ব্যাপক বাধার মুখে পড়ে। তনয় শাস্ত্রীর অনুগামীরা থানায় ভিড় জমালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পুলিশের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ক্লাব কর্তৃপক্ষ দাবি করেছিল, সময়সীমা পার হয়ে যাওয়ায় অনুষ্ঠান বন্ধ করা হয়েছিল, কাউকে অপমান করা হয়নি। তবে মিমির করা আইনি পদক্ষেপের জেরে অবশেষে শ্রীঘরের পথে অভিযুক্ত জ্যোতিষী।

