বনগাঁ জলসা বিতর্ক: এবার মিমির বিরুদ্ধে পাল্টা আইনি পথে উদ্যোক্তা তনয় শাস্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
February 21, 202610:53 am
উত্তর ২৪ পরগনার বনগাঁয় জলসা বিতর্কে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তনয় শাস্ত্রী। শুক্রবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি তিনি অভিনেত্রীর কাছ থেকে ২০ লক্ষ টাকা মানহানির ক্ষতিপূরণ ও জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা দাবি করেছেন। নয়া গোপালগঞ্জের যুবক সংঘের ওই অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এখন এক নতুন মোড় নিল।
উদ্যোক্তাদের দাবি, মিমি চক্রবর্তী অনুষ্ঠানের জন্য ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিলেও নির্দিষ্ট সময়ের অনেক পরে মঞ্চে উপস্থিত হন। অনুষ্ঠানের অনুমতি শেষ হয়ে যাওয়ায় তাঁকে নেমে যেতে বলা হয়েছিল। তনয় শাস্ত্রীর অভিযোগ, তাঁকে মিথ্যা হেনস্তার মামলায় জড়িয়ে ১৪ দিন জেল হেফাজতে রাখা হয়েছিল, যা তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ণ করেছে। এই কারণেই তিনি এখন আদালতের দ্বারস্থ হয়েছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে মিমি চক্রবর্তী ওই অনুষ্ঠানে তাঁকে হেনস্তা করার অভিযোগ তুলে বনগাঁ থানায় মামলা করেছিলেন এবং আদালতে গোপন জবানবন্দিও দিয়েছিলেন। পুলিশ সেই ভিত্তিতে তনয় শাস্ত্রীকে গ্রেপ্তারও করেছিল। বর্তমানে জামিনে মুক্ত হয়ে তনয় শাস্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, অভিনেত্রীকেই পারিশ্রমিক ফেরত দিতে হবে এবং ভিত্তিহীন অভিযোগের বিচার করতে হবে।

