বন্ধুর নামে ফেক প্রোফাইল খুলে অশালীন মেসেজ, প্রতিবাদ করায় প্রাণ গেল স্কুল ছাত্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
ফেসবুকে ফেক প্রোফাইল খুলে মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করাই কাল হল মালদার সাহেবনগরের স্কুল ছাত্র সোহেলের। নিজের বন্ধুর হাতেই নৃশংসভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু হল তার। মালদার মানিকচকের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, অভিযুক্ত বন্ধু আমরাজ সোহেলের ছবি ব্যবহার করে একটি জাল ফেসবুক অ্যাকাউন্ট খুলে গ্রামের মেয়েদের অশালীন মেসেজ পাঠাত। বিষয়টি জানতে পেরে গত রবিবার সোহেল প্রতিবাদ করতে গেলে আমরাজ ও তার বাবা সেখ ফিজুর লাঠিসোটা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সোহেলকে প্রথমে মালদা মেডিক্যাল কলেজ ও পরে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মঙ্গলবার চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

