বন্ধুর ফ্ল্যাটের ছাদে মদ্যপান আর জুয়ার আসর, বাঘাযতীন কাণ্ডে চাঞ্চল্যকর মোড় – এবেলা
এবেলা ডেস্কঃ
বাঘাযতীনে মধ্যরাতে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি গুলি করে খুনের ঘটনায় উঠে এল বিস্ফোরক তথ্য। তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিনের পরিচিতদের মধ্যেই জুয়ার টাকা নিয়ে বিবাদের জেরেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ। বুধবার রাতে পূর্ব ফুলবাগান এলাকায় জিতের ফ্ল্যাটের ছাদে বসেছিল মদ্যপান ও জুয়ার আসর, সেখানেই রাহুল দে-কে ডেকে পাঠিয়ে চলল গুলি।
ঘটনাস্থলেই রাহুলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন ফ্ল্যাটের মালিক জিৎ মুখোপাধ্যায়। এই ঘটনায় নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা দ্বীপ রায়, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক এবং জয়ন্ত ঘোষ নামে চারজনকে গ্রেপ্তার করেছে পাটুলি থানার পুলিশ। ধৃতরা প্রত্যেকেই জিতের পূর্ব পরিচিত এবং নিয়মিত জুয়ার সঙ্গী ছিল বলে খবর।
পুরানো বিবাদ নাকি অন্য কোনো ষড়যন্ত্র, তা খতিয়ে দেখতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দীর্ঘ সময় পর কেন রাহুলকে ডেকে পাঠানো হয়েছিল এবং ঠিক কী কারণে হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তা জানতে জিতের স্ত্রী ও স্থানীয়দের বয়ান রেকর্ড করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার নেপথ্যে থাকা বাকি যোগসূত্রগুলিও খোঁজার চেষ্টা চলছে।

