লেটেস্ট নিউজ

বরফের চাদরে বন্দি হিমাচল! রাতভর গাড়িতেই কাটছে চরম দুর্ভোগ হাজারো পর্যটকের, দেখুন সেই দৃশ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রবল তুষারপাত ও হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশ। মানালি, কুলু ও লাহুল-স্পিতির পাহাড়ি রাস্তাগুলো পুরু বরফে ঢেকে যাওয়ায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। লাহুল ও মানালির সংযোগকারী রাস্তায় প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে রয়েছেন পাঞ্জাব, দিল্লি ও হরিয়ানা থেকে আসা কয়েক হাজার পর্যটক। ভারী তুষারপাত ও বৃষ্টির কারণে শুক্রবার থেকে শুরু হওয়া এই অচলাবস্থা শনিবার রাত পর্যন্ত অব্যাহত রয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, তুষারপাতের জেরে রাজ্যের ৬৮৫টি রাস্তা বর্তমানে সম্পূর্ণ বন্ধ।

শীতের শুরুতে তুষারপাত না হলেও বর্তমানে পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে শিমলা ও মানালির হোটেলগুলো। তবে মনোরম আবহাওয়ার টানে আসা এই পর্যটকদের কাছে এখন তুষারপাতই বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। কোঠি থেকে মানালি যাওয়ার পথে শত শত গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় পর্যটকরা চরম সংকটে পড়েছেন। তাপমাত্রার পারদ হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় খোলা রাস্তায় গাড়ির ভেতর রাত কাটাতে বাধ্য হচ্ছেন শিশু ও বয়স্কসহ অসংখ্য মানুষ। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন কাজ করলেও যানজট কাটানোই এখন বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *