বলিউড ছাড়ার নেপথ্যে বিস্ফোরক প্রিয়াঙ্কা চোপড়া, দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরছেন ভারতীয় সিনেমায়
আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ছাড়ার নেপথ্যে থাকা দীর্ঘদিনের আক্ষেপ ও সংগ্রামের কথা প্রকাশ করেছেন। তিনি জানান, হিন্দি চলচ্চিত্র জগৎ স্বেচ্ছায় ছাড়তে চাননি, বরং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতি ও স্বজনপোষণের কারণে তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। কোনো ফিল্মি পরিবারের সমর্থন না থাকায় সেই প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া তাঁর জন্য আসাম্ভব হয়ে পড়েছিল। ফলে শিল্পী হিসেবে নিজেকে বিস্তৃত করতে এবং নতুন সুযোগের সন্ধানে তিনি হলিউডে পাড়ি জমান।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় আমেরিকায় কাজ করার পর প্রিয়াঙ্কা এখন সেখানে নিজের অবস্থান মজবুত করেছেন। বর্তমানে তিনি তাঁর আসন্ন হলিউড ছবি ‘দ্য ব্লাফ’-এর কাজে ব্যস্ত, যেখানে প্রায় ৮৫ শতাংশ স্টান্ট তিনি নিজেই করেছেন। উনবিংশ শতাব্দীর এক জলদস্যুর চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি একাধিকবার শারীরিক আঘাতও পেয়েছেন। তবে পেশাদারিত্বের খাতিরে এই পরিশ্রমকে তিনি স্বাভাবিক বলেই মনে করেন।
ভারতীয় ভক্তদের জন্য খুশির খবর হলো, দীর্ঘ বিরতি কাটিয়ে প্রিয়াঙ্কা আবারও দেশীয় সিনেমায় ফিরছেন। তবে এবার হিন্দি নয়, এস এস রাজামৌলি পরিচালিত তেলুগু ছবি ‘বারানসি’-র মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন ঘটছে। দুই জগতের কাজের ভারসাম্য বজায় রাখতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, ভারতীয় চলচ্চিত্রের প্রতি তাঁর ভালোবাসা সবসময়ই অটুট ছিল। প্রায় আট বছর পর তাঁর এই ফেরা সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

