বসিরহাটে ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ, উত্তাল বড়গোবরা – এবেলা
এবেলা ডেস্কঃ
বসিরহাট ২ নম্বর ব্লকের বড়গোবরা এলাকায় ভোটার তালিকা থেকে কয়েকশ নাগরিকের নাম বাদ পড়ায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ৫ নম্বর বুথের ৩৪০ জন এবং ৩ নম্বর বুথের ২৫৫ জন ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় ‘ডিলিট’ হিসেবে আসায় বুধবার বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এমনকি কর্মরত বিএলও শফিউল আলম ও তাঁর পরিবারের সদস্যদের নামও তালিকা থেকে বাদ গিয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।
ভুক্তভোগী গ্রামবাসীরা হাতে ভোটার কার্ড নিয়ে রাস্তায় নেমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সদুত্তর মিলছে না। সংখ্যালঘু হওয়ার কারণেই তাঁদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে ভোটদান নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গ্রামবাসীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, ভোটার তালিকায় সকলের নাম পুনরায় অন্তর্ভুক্ত না করা হলে ওই এলাকায় ভোট প্রক্রিয়া চলতে দেওয়া হবে না। বিএলও নিজেই নির্বাচন কমিশনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন। নাম সংশোধনের দাবিতে গ্রামবাসীরা আগামীতে আরও বৃহত্তর ও লাগাতার আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

