বাংলাকে আসাম্মান করা হচ্ছে, ভারতের ইতিহাস ভুলিয়ে দিচ্ছে, রেড রোড থেকে তোপ দাগলেন মমতা – এবেলা
এবেলা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে রেড রোডের স্মরণ অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা না করা এবং তাঁর অন্তর্ধান রহস্যের কিনারা না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশের প্রকৃত ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং বাংলার মনীষীদের প্রতিনিয়ত আসাম্মান করা হচ্ছে। এমনকি ভোটের স্বার্থে বাংলা ভাষাকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
একই সঙ্গে এসআইআর এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ইস্যু তুলে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে বহু মানুষের মৃত্যুর দায় কমিশনকে নিতে হবে এবং আদিবাসী ও তপশিলিদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। প্রায় দুই কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রচেষ্টাকে ‘দিল্লির দানবিকতা’ হিসেবে অভিহিত করে তিনি তা রুখে দেওয়ার ডাক দেন। নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিকতা প্রতিষ্ঠার সংকল্প নিয়ে অনুষ্ঠান শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

