বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের শুভেচ্ছা, বাণিজ্যে দিলেন বিশেষ বার্তা
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছা চিঠিতে ট্রাম্প এই ঐতিহাসিক জয়ের প্রশংসা করে তাঁর সফল কার্যকাল কামনা করেন। একইসঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তির বিষয়ে ট্রাম্প বিশেষ কৌশলগত গুরুত্ব দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন সরকার দুই দেশের কৃষক ও শ্রমিকদের স্বার্থে বাণিজ্যিক গতি বজায় রাখবে। এছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীকে মার্কিন প্রযুক্তির আধুনিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দিতে প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার ইতিবাচক ইঙ্গিত দেন।
উল্লেখ্য, নতুন সরকার গঠনের আগেই বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক হ্রাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমঝোতা সম্পন্ন হয়েছে। ট্রাম্পের এই চিঠিতে সেই অর্থনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা এবং কৌশলগত বোঝাপড়াকে আরও জোরালো করার বার্তা দেওয়া হয়েছে। এটি ভবিষ্যতে ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

