লেটেস্ট নিউজ

বাংলাদেশের পর এবার পাকিস্তানের নাটক, দল ঘোষণার পরেও টি২০ বিশ্বকাপ বয়কটের হুমকি – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটছেই না। টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করার পরেও বিষয়টিকে চূড়ান্ত বলতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্ট করে জানিয়েছেন, দল ঘোষণা মানেই বিশ্বকাপে খেলার চূড়ান্ত সবুজ সংকেত নয়। শ্রীলঙ্কায় পাকিস্তানের সব ম্যাচ নির্ধারিত থাকলেও, আগামী মাসে শুরু হতে চলা এই মেগা ইভেন্টে অংশ নেওয়া নিয়ে এখনও সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে বোর্ড।

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরানোর আগে ও পরে প্রকাশ্যে তাদের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। এরপর সালমান আলি আগাকে অধিনায়ক করে দল ঘোষণা করায় ধারণা করা হয়েছিল যে আইসিসির চাপের মুখে হয়তো নতিস্বীকার করেছে পিসিবি। তবে নাকভি সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

পাকিস্তান কি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে?

লাহোরে ক্রিকেটার ও প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে আলাপকালে নাকভি জানান, বিশ্বকাপে খেলার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পরেও পিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে।

নাকভি বলেন, “আমরা সরকারের নির্দেশের অপেক্ষায় আছি। সরকার যা বলবে, আমরা সেটাই করব। যদি তারা বিশ্বকাপে যেতে নিষেধ করে, আমরা যাব না।”

পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিকেটারদের কাছে বোর্ডের অবস্থান পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ, ভারতের আয়োজনে হতে চলা এই টুর্নামেন্ট থেকে পাকিস্তান যে কোনো সময় সরে দাঁড়াতে পারে—এই বার্তা ক্রিকেটারদের দিয়ে রাখা হয়েছে। নাকভি পুনরায় অভিযোগ করেন যে, আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে এবং ভারতের মাটিতে খেলতে না যাওয়া কোনো অবাধ্যতা নয়, বরং একটি যুক্তিসঙ্গত প্রতিবাদ।

আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে নাকভি দাবি করেন, অন্য ক্ষেত্রে আইসিসি নমনীয়তা দেখালেও বাংলাদেশের বেলায় তা করেনি। উল্লেখ্য, আইসিসি বৈঠকে ১৪–২ ভোটে বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত যায়, যেখানে কেবল বাংলাদেশ ও পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল।

আইসিসির চাপ ও পাকিস্তানের ভবিষ্যৎ

আইসিসির কড়া হুঁশিয়ারি সত্ত্বেও নাকভি এখনও পিছু হঠেননি। এর আগে জানানো হয়েছিল, পাকিস্তান যদি বিশ্বকাপের পথ পরিহার করে, তবে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হওয়া, পিএসএল-এ বিদেশি ক্রিকেটারদের এনওসি না পাওয়া এবং এশিয়া কাপ থেকে বহিষ্কারের মতো আর্থিক ও পেশাদার ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ২৪ ঘণ্টার আল্টিমেটাম উপেক্ষা করায় আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করেছে। বর্তমানে গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, আমেরিকা, নামিবিয়া ও নেদারল্যান্ডস। তবে পাকিস্তান সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্বকাপের সমীকরণ অনিশ্চিতই থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *