বাংলায় বিজেপির ইশতেহার প্রকাশ ২৮ মার্চ, মোদীর সফরের আগেই মাস্টারস্ট্রোকের প্রস্তুতি – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। গত শুক্রবার তৃণমূল কংগ্রেস তাদের ‘১০টি প্রতিজ্ঞা’ সম্বলিত নির্বাচনী ইশতেহার প্রকাশের পর এবার পাল্টা প্রস্তুতি নিচ্ছে বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে প্রকাশিত হতে পারে বিজেপির নির্বাচনী ইশতেহার। এই ইশতেহারে রাজ্যের নারী শক্তি, যুবক, কৃষক এবং সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ জনকল্যাণমুখী ও আর্থিক প্রতিশ্রুতির ঘোষণা থাকতে পারে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে, ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ৩০০০ টাকা ভাতা, সপ্তম পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের ডিএ প্রদান এবং পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া ভারী শিল্পে বিনিয়োগ ও কৃষির সহাবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে পদ্ম শিবির। তবে তিন ফসলি জমি অধিগ্রহণ না করার বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছে দলটি। মূল লক্ষ্য হলো তৃণমূলের জনমোহিনী প্রকল্পের পাল্টা শক্তিশালী বিকল্প খাড়া করা।
নির্বাচনী রণকৌশল সাজাতে চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক নেতৃত্ব। পাশাপাশি, এপ্রিলের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোচবিহার থেকে দ্বিতীয় দফার প্রচার অভিযান শুরু করার কথা রয়েছে। ২৫৫টি আসনে প্রার্থী ঘোষণার পর বাকি প্রার্থীদের নামও দ্রুত জানানো হবে। মনোনয়ন পর্ব শুরুর আগেই পূর্ণাঙ্গ ইশতেহার সামনে রেখে এবং মোদীর হাই-ভোল্টেজ জনসভার মাধ্যমে রাজ্যে জয়ের ভিত শক্ত করতে চাইছে বিজেপি।

