লেটেস্ট নিউজ

বাংলায় বিধানসভা ভোটের দামামা বাজল রাজ্যের ২৯৪ আসনেই রিটার্নিং অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বড়সড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের জন্যই রিটার্নিং অফিসার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে পাঠিয়েছেন।

এবারের নিয়োগ তালিকায় বড় ধরনের প্রশাসনিক রদবদল লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার ডিএমডিসি পদমর্যাদার অফিসারদের পরিবর্তে উচ্চপদস্থ আধিকারিকদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, জেলা পরিষদের সচিব এবং জেলা পরিকল্পনা আধিকারিক স্তরের অফিসারেরা। এছাড়া জেলা সংখ্যালঘু উন্নয়ন এবং তফসিলি জাতি-জনজাতি উন্নয়ন আধিকারিকদেরও এই গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে।

সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফরে এসে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছিলেন। কমিশনের নির্দেশ ছিল, ন্যূনতম মহকুমাশাসক বা সমতুল্য পদমর্যাদার অফিসারদেরই রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করতে হবে। সেই মোতাবেক এবার রাজ্যের ১৫২টি কেন্দ্রে মহকুমাশাসক বা সমমানের অফিসারদের বসানো হয়েছে। এর ফলে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এখন থেকে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরাই সরাসরি নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে থাকবেন। বর্তমানে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলার মাঝেই কমিশনের এই সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *