লেটেস্ট নিউজ

বাংলায় ভোটার তালিকা নিয়ে তোলপাড়! ৬৩ লক্ষ নাম উধাও হওয়ার নেপথ্যে কি বড় কোনো ষড়যন্ত্র? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন—রাজ্যের ভোটার তালিকা কি পরিকল্পিতভাবে ছোট করা হচ্ছে? নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে সেই আশঙ্কাই তীব্র হয়েছে। এসআইআরের খসড়া তালিকায় বিপুল নাম বাদ যাওয়ার পর শনিবার প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন ব্রাত্য। সব মিলিয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লক্ষের উপরে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে বিচারকদের হাতে। ‘বিচারাধীন’ এই বিপুল সংখ্যক মানুষের নাম যদি শেষ পর্যন্ত বাদ যায়, তবে সেই সংখ্যাটা ১ কোটি ২০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলছেন, বিজেপি নেতাদের দেওয়া ১.৫ কোটি নাম বাদ দেওয়ার ‘টার্গেট’ কি তবে নিঃশব্দে পূরণ করছে কমিশন?

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফর্ম ৭-এর অপব্যবহার নিয়ে আগেই সরব হওয়া হয়েছিল। বৈধ ভোটারদের নাম চক্রান্ত করে বাদ দেওয়ার যে অভিযোগ মুখ্যমন্ত্রী তুলেছিলেন, বর্তমান পরিসংখ্যান সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল স্বীকার করে নিয়েছেন যে প্রক্রিয়ায় কিছু ‘ভুলভ্রান্তি’ হয়েছে, তবে তাঁর দাবি এই বিশাল কর্মযজ্ঞে তা সামান্য।

এদিকে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। অনেক বৈধ ভোটার নথি জমা দেওয়ার পরেও নিজেদের নাম তালিকায় না দেখে ক্ষোভে ফেটে পড়েছেন। অন্যদিকে, তালিকায় এখনও মৃত ব্যক্তিদের নাম থেকে যাওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে আসছে। এই পরিস্থিতিতে কমিশনের স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। যাদের নাম বাদ গিয়েছে, তাদের পুনরায় ৬ নম্বর ফর্ম পূরণের সুযোগ থাকলেও, ‘বিচারাধীন’ ভোটারদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সংশয় কাটছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *