বাংলায় ভোটের পর্যবেক্ষক নিয়ে সংঘাত! কমিশনের কাছে পছন্দের তালিকা পাঠালেন মমতা – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। এবার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগকে কেন্দ্র করে সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে ৯ জন আইএএস (IAS) অফিসারকে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছে।
রাজ্যের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কাজ সচল রাখতে এই অফিসারদের বাংলাতেই রাখা প্রয়োজন। উল্লেখ্য, নির্বাচন কমিশন মোট ১৫ জন আইএএস অফিসারের একটি তালিকা প্রকাশ করেছিল। কিন্তু নবান্ন সেই তালিকায় আপত্তি জানিয়ে পাল্টা কিছু নাম প্রস্তাব করেছে, যার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার নামও রয়েছে।
তালিকায় কারা রয়েছেন?
কমিশনের তালিকায় স্বরাষ্ট্র সচিব ছাড়াও অশ্বিনী কুমার যাদব, পি বি সেলিম, অবনীন্দ্র সিং, সৌমিত্র মোহন, স্মারকী মহাপাত্র, সঞ্জয় বনশল, পি উলগানাথনের মতো পদস্থ আধিকারিকদের নাম ছিল। রাজ্য সরকার বিশেষ করে সঞ্জয় বনশল, পি মোহন গান্ধী এবং রচনা ভগতদের মতো অফিসারদের নির্বাচনী ডিউটি থেকে ছাড় দেওয়ার অনুরোধ করেছে।
কেন এই আপত্তি?
নবান্নের যুক্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সহ আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুডুচেরিতে ভোটের সময় প্রশাসনিক চ্যালেঞ্জ সামলাতে এই অভিজ্ঞ অফিসারদের রাজ্যে থাকা জরুরি। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, বারবার চাওয়া সত্ত্বেও আগে নাম না পাঠানোয় তারা নিজস্ব তালিকা তৈরি করেছিল, যার পরেই নবান্ন এই পাল্টা সক্রিয়তা দেখাল।

