‘বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে’, এসআইআর ইস্যুতে তৃণমূলকে কড়া তোপ অধীরের – এবেলা
এবেলা ডেস্কঃ
এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, একসময় এই প্রক্রিয়ার বিরোধিতায় ‘রক্তগঙ্গা’ বইবে বলে হুমকি দিলেও এখন ভোট বৈতরণী পার হতে তৃণমূল এটিকে হাতিয়ার করছে। বুথে বুথে দলীয় লোক ও বিএলও নিয়োগ করে নির্বাচনী নিরপেক্ষতা নষ্টের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। অধীর বাবুর মতে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এটি শাসকদলের একটি নতুন ধরণের ‘ঢপবাজি’।
অন্যদিকে, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজই তিন দিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক পর্যালোচনা বৈঠকের পাশাপাশি আরএসএস কর্মকর্তাদের সাথেও রুদ্ধদ্বার বৈঠক করবেন। এদিকে, চলমান এসআইআর শুনানি প্রক্রিয়ার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে ‘ওয়াই-প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কড়া নজরদারির মাধ্যমে রাজ্যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কাজ চালাচ্ছে কমিশন।

