বাংলার সৈকতে আছড়ে পড়ল রহস্যময় যুদ্ধবিমান সদৃশ ড্রোন আতঙ্কে কাঁপছে বকখালি – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার বকখালি ও পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বুধবার আকাশ থেকে রহস্যময় ড্রোন পড়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বকখালির কারগিল সৈকতে মৎস্যজীবীরা একটি লাল-হলুদ রঙের জেট সদৃশ ড্রোন উদ্ধার করেন, যার ভেতরে জটিল বৈদ্যুতিক সরঞ্জাম ও তার রয়েছে। বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যের দুই প্রান্তে এমন সামরিক সরঞ্জাম মেলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতির আতঙ্ক তৈরি হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি সম্ভবত ভারতীয় নৌসেনা বা বায়ুসেনার অনুশীলনে ব্যবহৃত ‘টার্গেট ড্রোন’, যা শত্রুপক্ষের বিমানের মহড়া দিতে ব্যবহৃত হয়। তবে জনবসতি এলাকায় এই ড্রোন কীভাবে পৌঁছাল, তা নিয়ে গোয়েন্দা সংস্থা ও পুলিশ গভীর তদন্ত শুরু করেছে। পুলিশ ইতিমধ্যেই প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এর উৎস জানার চেষ্টা চালাচ্ছে।

