লেটেস্ট নিউজ

বাংলাসহ ১০ রাজ্যের ৩৭ আসনে রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, ১৬ মার্চ ভোটগ্রহণ

আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গসহ দেশের ১০টি রাজ্যে রাজ্যসভার ৩৭টি শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীরা ৫ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন এবং ৯ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।

২০২৬ সালের এপ্রিলে ১০টি রাজ্যের ৩৭ জন সদস্যের মেয়াদ শেষ হওয়ায় এই নির্বাচনের আয়োজন। তালিকায় মহারাষ্ট্রের সর্বোচ্চ ৭টি এবং পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ৫টি করে আসন রয়েছে। এছাড়া বিহার, ওড়িশা, আসাম ও তেলেঙ্গানাসহ অন্যান্য রাজ্যেও ভোট নেওয়া হবে। ২০ মার্চের মধ্যে সমগ্র নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কমিশন।

পশ্চিমবঙ্গে পাঁচটি আসনের মধ্যে চারটিতেই শাসক দল তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল। বর্তমানে বিধানসভার আসনসংখ্যার নিরিখে রাজনৈতিক সমীকরণ শাসক শিবিরের অনুকূলে রয়েছে। মৌসম বেনজির নূরের পদত্যাগ এবং সাখেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির মেয়াদ শেষ হতে চলায় এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যসভার এই লড়াই বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *