‘বাংলা দখলে ওরা বড্ড হ্যাংলা’, বিজেপিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
February 22, 202610:35 am
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হেনস্থা ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, বাংলা ভাষা কারও দয়ার দান নয় এবং ভিনরাজ্য থেকে আসা প্রায় দেড় কোটি মানুষ বাংলায় শান্তিতে থাকলেও বাঙালিদের কেন ‘অনুপ্রবেশকারী’ বলে অপমান করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।
মুখ্যমন্ত্রী নাম না করে বিজেপিকে আক্রমণ করে বলেন, “ওরা বাংলা দখলের জন্য বড্ড বেশি হ্যাংলা।” তাঁর মতে, দিল্লি থেকে এসে বাংলা দখল করা সম্ভব নয়; তার আগে বাংলার সংস্কৃতি ও মাটিকে ভালোবাসতে হবে। কেন্দ্রীয় এজেন্সির প্রভাব ও ‘স্বৈরাচারী’ শক্তির ভয় দেখিয়ে বাংলাকে নমনীয় করা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
বাংলার মনিষীদের ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার কারও অধিকার কেড়ে নিতে দেবে না। নির্বাচনী আবহে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির মধ্যেই তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সাফ জানান, বাঙালিরা কেবল মানুষের কাছে মাথা নত করে, কোনো রাজনৈতিক চাপের কাছে নয়।

