বাংলা বলার অপরাধে পরিযায়ী শ্রমিক খুন! মোদি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূলের
মহারাষ্ট্রের পুনেতে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে পিটিয়ে খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সরব হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু। আদিবাসী ও বাংলাভাষীদের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ তুলে তাঁরা সরাসরি মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, কেন্দ্র আইন আনুক যে অন্য রাজ্যে কাজ করতে গেলেই শ্রমিকদের প্রাণ দিতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সংখ্যালঘু, দলিত ও আদিবাসীরা ক্রমাগত মনুবাদী আক্রমণের শিকার হচ্ছেন। সংবিধান প্রদত্ত বাকস্বাধীনতা ও বসবাসের অধিকার কেন পদদলিত হচ্ছে, সেই প্রশ্ন তুলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যে দলের প্রতিনিধিরা শোকতপ্ত পরিবারের সাথে দেখা করে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

