লেটেস্ট নিউজ

বাইক পার্কিং নিয়ে বচসা, সিতাইয়ে আক্রান্ত বিএলও; গ্রেপ্তার ১ – এবেলা

এবেলা ডেস্কঃ

দিনহাটা: সরস্বতী পুজোর আবহে উত্তপ্ত সিতাই। বাইক পার্কিং নিয়ে বিবাদের জেরে এক বুথ লেভেল অফিসারকে (বিএলও) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল। গুরুতর জখম ওই বিএলও, মনোয়ার হোসেনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেশায় একজন প্রাথমিক শিক্ষক এবং সিতাইয়ের ২৭৮ নম্বর বুথের দায়িত্বে রয়েছেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার সিতাইয়ের একটি বেসরকারি স্কুলের সামনে। মনোয়ার হোসেনের দাবি, হিয়ারিংয়ের নোটিস বিলি করার সময় তাঁর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। ব্যক্তিগত শত্রুতার জেরে এবং বিএলও হিসেবে তাঁকে মেনে নিতে না পেরেই এই আক্রমণ বলে তাঁর অভিযোগ। প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে তিনি পদত্যাগের হুঁশিয়ারিও দিয়েছেন।

অন্যদিকে, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে অন্য তথ্য। পুলিশের দাবি, পুজোর ভিড়ে বাইক পার্কিং কেন্দ্রিক বচসা থেকেই হাতাহাতি শুরু হয় এবং ওই আধিকারিককে ঘুষি মারা হয়। দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক জানিয়েছেন, প্রধান অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য একজনের খোঁজে তল্লাশি চলছে। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *