লেটেস্ট নিউজ

বাকি ১৫০ আসনে প্রার্থী ঘোষণা করতে আজ দিল্লিতে বিজেপির মহাবৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বুধবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে বসছে বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার রাতভর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও অমিত শাহের উপস্থিতিতে রাজ্য নেতাদের সঙ্গে ম্যারাথন বৈঠক চলে। এর আগে পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনেও দফায় দফায় আলোচনা সারেন সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যরা। রাজনৈতিক মহলের ধারণা, আজ রাতে বা বৃহস্পতিবারই রাজ্যের বাকি আসনগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির।

দলীয় সূত্রে খবর, দ্বিতীয় তালিকায় বড় কোনো চমক দেওয়ার চেয়ে পুরনো ও সক্রিয় কর্মীদের ওপরই বেশি ভরসা রাখছে বিজেপি। প্রথম তালিকায় ১৪৪ জনের নাম ঘোষণা হলেও বাকি ১৫০টি আসনের বেশ কয়েকটিতে প্রার্থী নির্বাচন নিয়ে জট তৈরি হয়েছিল। সেই জট কাটাতেই মূলত মঙ্গলবারের দীর্ঘ বৈঠক। আদি বিজেপি নেতাদের প্রাধান্য দিয়ে সংগঠনকে সংহত রাখাই এখন শীর্ষ নেতৃত্বের প্রধান লক্ষ্য।

তৎপরতা বাড়লেও প্রার্থী তালিকায় সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিয়ে সংশয় কাটেনি। প্রথম দফার মতো দ্বিতীয় তালিকায়ও কোনো মুসলিম মুখ না থাকার সম্ভাবনা প্রবল। তবে কৌশলগত কারণে কোনো একটি আসনে একজন মহিলা সংখ্যালঘু প্রার্থীকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আপাতত আজ রাতের বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল, যেখানে বাকি সব আসনের ভাগ্য নির্ধারণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *