বাগদায় প্রার্থী ঘোষণায় বিজেপির অস্বস্তি মতুয়া ভোট ও এসআইআর কাঁটা নিয়ে বাড়ছে চাপ – এবেলা
এবেলা ডেস্কঃ
বনগাঁ মহকুমার মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা নিয়ে চরম টালবাহানায় পড়েছে বিজেপি। বৃহস্পতিবার বনগাঁ উত্তর, দক্ষিণ ও গাইঘাটার জন্য পুরনো মুখদের ওপর আস্থা রাখলেও, বাগদার বিষয়টি এড়িয়ে গেছে পদ্ম শিবির। স্থানীয় নেতৃত্বের একাংশের দাবি, এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মতুয়া সম্প্রদায়ের নাম বাদ যাওয়ায় জনবিক্ষোভ তৈরি হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে সঠিক প্রার্থী নির্বাচন করতে হিমশিম খাচ্ছে গেরুয়া ব্রিগেড।
অভিযোগ উঠেছে, অনুপ্রবেশকারী চিহ্নিত করার নামে বাগদায় প্রায় ১৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে, যাদের অধিকাংশই মতুয়া। এই ইস্যুটি এখন বিজেপির জন্য ‘এসআইআর কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, এলাকার ভোটাররা এবার বহিরাগত নয় বরং ভূমিপুত্র বা স্থানীয় প্রার্থীর দাবিতে সরব হয়েছেন। প্রার্থী তালিকায় দলের এক যুবনেতা, নেত্রী এবং সাংসদ ঘনিষ্ঠ নেতার নাম উঠে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে প্রচার শুরু করেছে। বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লকও স্থানীয় প্রার্থী গৌর বিশ্বাসকে ময়দানে নামিয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ স্বীকার করেছেন যে, স্থানীয় প্রার্থীর দাবি জোরালো হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। উপনির্বাচনে হারের পর এবার বাগদা পুনরুদ্ধারে মরিয়া বিজেপি কোন রণকৌশল নেয়, এখন সেটাই দেখার।

