‘বাজবল’ ব্যর্থ, এবার ইংল্যান্ডের কোচ হচ্ছেন রবি শাস্ত্রী? মন্টি পানেসরের দাবিতে তোলপাড় ক্রিকেটবিশ্ব! – এবেলা
এবেলা ডেস্কঃ
অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় হারের পর ইংল্যান্ডের ‘বাজবল’ নীতি এখন খাদের কিনারায়। ব্র্যান্ডন ম্যাকালামের বিকল্প হিসেবে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীকে দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন প্রাক্তন ব্রিটিশ স্পিনার মন্টি পানেসর। পানেসরের মতে, অস্ট্রেলিয়ার দুর্বলতা কাজে লাগিয়ে তাদের হারানোর কৌশল শাস্ত্রীর চেয়ে ভালো আর কেউ জানেন না। পরিসংখ্যানও শাস্ত্রীর পক্ষে; তাঁর কোচিংয়েই অজিদের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতেছিল ভারত।
অ্যাশেজে টানা তিন টেস্ট হেরে ইংল্যান্ড এখন হোয়াইটওয়াশের লজ্জার মুখে। জোফরা আর্চারের বদলে গাস অ্যাটকিনসন ও অলি পোপের পরিবর্তে জ্যাকব বেথেলকে এনে বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রিটিশ বাহিনী। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও এখন আলোচনার কেন্দ্রে রবি শাস্ত্রী। মদ্যপানের বিতর্ক আর অধিনায়কত্ব নিয়ে টানাপোড়েনের মাঝে শাস্ত্রীর ক্ষুরধার মস্তিষ্কই ইংল্যান্ড ক্রিকেটের ত্রাতা হতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল।

