বাজেটের আগে পেট্রোল ও ডিজেলে বড় ঝটকা, লিটারে দাম বৃদ্ধির চরম আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় বাজেটের আগে সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে দেশে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রোকারেজ ফার্ম জেএম ফাইন্যান্সিয়াল জানিয়েছে, ১ ফেব্রুয়ারি বাজেটের আগে জ্বালানি তেলের ওপর লিটারপ্রতি ৩ থেকে ৪ টাকা আবগারি শুল্ক বাড়াতে পারে কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকায় তেল বিপণন সংস্থাগুলো বর্তমানে উচ্চ মুনাফা অর্জন করছে, যা সরকারি রাজস্ব বাড়াতে সহায়ক হতে পারে।
এই শুল্ক বৃদ্ধির ফলে সরকারের বার্ষিক ৫০ থেকে ৭০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে। মূলত ২০২৬ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি মেটাতে এবং আর্থিক লক্ষ্যমাত্রা পূরণের চাপ থেকেই এই পদক্ষেপ নিতে পারে মোদী সরকার। লিটারপ্রতি মাত্র ১ টাকা শুল্ক বাড়লে বছরে প্রায় ১৭ হাজার কোটি টাকা কোষাগারে আসে। তবে এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব আমজনতার পকেটে পড়ার পাশাপাশি তেল সংস্থাগুলোর আয়ের হিসেবেও বড় বদল আনবে।

