বাজেটে বড় ঘোষণা: নামমাত্র সুদে ঝটপট লোন পাবেন ছোট ব্যবসায়ীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) খাতের জন্য একগুচ্ছ বড় চমক আসতে চলেছে। মূলত ছোট ব্যবসায়ীদের ঋণের বোঝা কমাতে এবং অর্থিক সাহায্য আরও সহজলভ্য করতেই এই বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার।
দ্রুত ঋণ অনুমোদনে ডিজিটাল বিপ্লব
সরকারি সূত্রে খবর, ছোট ব্যবসায়ীদের লোন পেতে এখন আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। GST, ITR এবং ব্যাঙ্কিং ডেটা মিলিয়ে একটি সমন্বিত ডিজিটাল সিস্টেম তৈরির কাজ চলছে। এর ফলে আবেদন করার মাত্র কয়েক দিনের মধ্যেই লোনের অনুমোদন পাওয়া সম্ভব হবে। বর্তমানে ঋণের অনুমোদন পেতে যে দীর্ঘসূত্রতা থাকে, নতুন ব্যবস্থায় তা অনেকটাই কমে আসবে।
কমবে সুদের হার, মিলবে বিশেষ ছাড়
বর্তমানে MSME খাতে ঋণের সুদের হার ৮ থেকে ১৮ শতাংশের মধ্যে থাকে, যা অনেক ক্ষেত্রেই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। আসন্ন বাজেটে সুদের ওপর প্রায় ২ শতাংশ পর্যন্ত ভর্তুকি বা ‘ইন্টারেস্ট সাবভেনশন’ স্কিম পুনরায় চালু করার চিন্তাভাবনা করা হচ্ছে। এর ফলে ঋণের খরচ যেমন কমবে, তেমনই লোনের ঊর্ধ্বসীমাও বাড়ানো হতে পারে।
কেন এই উদ্যোগ?
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়াতে ক্রেডিট অ্যাক্সেস বা ঋণের সহজলভ্যতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাঙ্কের জটিল নিয়ম এবং অতিরিক্ত নথিপত্রের ঝামেলায় অনেক উদ্যোক্তাই পিছিয়ে যান। এই সমস্যা মেটাতে:
- সহজ নথিপত্র: লোন নেওয়ার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কাগজমুক্ত করার পরিকল্পনা রয়েছে।
- গ্যারান্টি মুক্ত ঋণ: সিকিউরিটি বা গ্যারান্টির জটিলতা কমিয়ে ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চায় কেন্দ্র।
এই উদ্যোগ সফল হলে কেবল উৎপাদন বৃদ্ধিই নয়, দেশে কর্মসংস্থানের সুযোগও কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

