লেটেস্ট নিউজ

বাড়িতেই ভোটদানের সুবিধা পাচ্ছেন ৮ লক্ষ ভোটার: কমিশনের বিশেষ উদ্যোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে ৮৫ বছর ঊর্ধ্ব এবং বিশেষভাবে সক্ষম প্রায় আট লক্ষ ভোটারের জন্য বাড়িতে বসেই ভোটদানের বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। নাগরিক সুবিধার্থে নেওয়া এই প্রক্রিয়ায় ৩ লক্ষ ৭৮ হাজার ৯৭৯ জন প্রবীণ এবং ৪ লক্ষ ১৬ হাজার ৮৯ জন বিশেষভাবে সক্ষম ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। তবে কোনো ভোটার চাইলে নিজে বুথে গিয়েও ভোট দিতে পারবেন। স্বচ্ছতা বজায় রাখতে এই সম্পূর্ণ ভোটদান প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হবে এবং প্রয়োজনে সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

বাড়িতে ভোট দেওয়ার জন্য মনোনয়ন বিজ্ঞপ্তির পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিএলও-র কাছে ‘১২-ডি’ ফর্মে আবেদন জানাতে হবে। প্রথম দফার ক্ষেত্রে ৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ৬ এপ্রিলের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না এবং সেক্ষেত্রে বুথে গিয়েই ভোট দিতে হবে। ভোটদানের সময় বাড়ির অন্য কোনো সদস্যের হস্তক্ষেপ রুখতে কমিশন কড়া নজরদারি চালাবে, অন্যথায় ভোট বাতিল বলে গণ্য হবে।

নির্বাচনী ডিউটিতে থাকা সাংবাদিক, দমকল, স্বাস্থ্য পরিষেবা এবং জরুরি সেবার কর্মীদের জন্য ‘ফেসিলিটেশন সেন্টারে’ পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে। অন্যদিকে, সেনাবাহিনীতে কর্মরতদের জন্য ‘ইটিপিবিএস’ পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। আগামী ৪ মে ভোট গণনার দিন সকাল আটটার মধ্যে সমস্ত পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন। প্রার্থীর নির্বাচনী এজেন্টরাও এই ভোটদান প্রক্রিয়ার সাক্ষী থাকার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *