বাবরের ধীরগতির ব্যাটিং নিয়ে পরিবারেই অশান্তি! নিজের রেকর্ড তুলে ধরে ভাইয়ের তুলোধনা করলেন উমর আকমল – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমের মন্থর ব্যাটিং নিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন বিতর্কের দাবানল জ্বলছে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ২৪ বলে মাত্র ২৫ রান করে আউট হওয়ার পর বাবরকে নিয়ে সমালোচনা এবার আর বাইরে সীমাবদ্ধ রইল না। খোদ পরিবারের অন্দর থেকেই এল চরম অপমানজনক খোঁচা। বাবরের কাকাতো দাদা তথা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার উমর আকমল সরাসরি বাবরের ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করেছেন।
আকমল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের এবং বাবরের পারফরম্যান্সের একটি তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেছেন। সেখানে দেখা যাচ্ছে, ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উমর আকমল যখন উইকেটে এসেছিলেন তখন পাকিস্তানের অবস্থা ছিল শোচনীয়। সেখান থেকে তিনি ৫৪ বলে ৯৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলের রান ১৮০-তে পৌঁছে দিয়েছিলেন। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক ম্যাচে বাবর যখন ক্রিজে আসেন তখন দল সুবিধাজনক অবস্থানে থাকলেও তিনি যখন সাজঘরে ফেরেন, দলের স্কোরবোর্ডে রানের গতি কার্যত থমকে গিয়েছিল।
ইংল্যান্ডের বিপক্ষে ১০৪.১৭ স্ট্রাইক রেটে বাবরের এই “টেস্ট সুলভ” ব্যাটিং দেখে আকমল পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন যে আধুনিক ক্রিকেটের দাবি মেটাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছেন বর্তমান এই পাক তারকা। উমর আকমল যদিও সাফাই দিয়েছেন যে তিনি বাবরের সঙ্গে নিজের তুলনা করছেন না, তবে তাঁর পোস্টের সারমর্ম ছিল একেবারেই স্পষ্ট। তিনি বলেন, বাবর একজন বিশ্বমানের ব্যাটার হলেও মিডল অর্ডারে তাঁর ব্যাটিং স্টাইল দলের কোনো উপকারে আসছে না।
এর আগে শাহিন শাহ আফ্রিদিও ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের দায় আকারে-ইঙ্গিতে বাবরের ওপর চাপিয়েছিলেন। এবার ঘরের মানুষের এমন প্রকাশ্য সমালোচনা বাবরের ওপর মানসিক চাপ আরও বাড়িয়ে দিল। অধিনায়কত্ব নিয়ে টানাপড়েন এবং ব্যক্তিগত ফর্মের খরা—সব মিলিয়ে বাবর আজম এখন রীতিমতো ব্যাকফুটে। পাকিস্তান ক্রিকেটের এই অভ্যন্তরীণ কোন্দল ও পারিবারিক বিবাদ বিশ্বকাপের ঠিক আগে দলের মনোবলে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

