বামেদের প্রার্থী তালিকায় নবীনদের দাপট, সোমবারই প্রথম দফার ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সোমবারের সাংবাদিক বৈঠকের দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। দলীয় সূত্রে খবর, এবার অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক তরুণ তুর্কীকে ময়দানে নামিয়ে ভোটবাক্স ভরাতে চাইছে আলিমুদ্দিন। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নিজে ভোটে না লড়ে রাজ্যজুড়ে প্রচারের দায়িত্ব সামলাতে পারেন বলে জানা যাচ্ছে।
সম্ভাব্য তালিকায় যাদবপুর থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং দমদম উত্তর থেকে দীপ্সিতা ধরের নাম উঠে আসছে। এছাড়া মীনাক্ষী মুখোপাধ্যায়কে উত্তরপাড়া, সৃজন ভট্টাচার্যকে কসবা এবং কলতান দাশগুপ্তকে রাসবিহারী বা জলহাটি থেকে প্রার্থী করার জল্পনা তুঙ্গে। উত্তরবঙ্গে দেবরাজ বর্মন ও প্রণয় কার্জির মতো নেতাদের ওপর ভরসা রাখতে পারে দল। সিঙ্গুর ও নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রেও নতুন মুখের নাম আলোচিত হচ্ছে।
কংগ্রেসের সঙ্গে জোট না হলেও আইএসএফ-এর সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা জারি রয়েছে। এরই মধ্যে নওশাদ সিদ্দিকি ভাঙড় থেকে পুনরায় লড়াই করতে পারেন। তবে শরিকি জট কাটিয়ে বামেরা কত দ্রুত চূড়ান্ত তালিকা সামনে আনে, সেটাই এখন দেখার। আলিমুদ্দিনের এই সম্ভাব্য তালিকায় নবীন ও প্রবীণের ভারসাম্য বজায় রেখে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল নিয়েছে বাম শিবির।

