বারাণসীর কলেজ ক্যাম্পাসে ছাত্রকে দিনেদুপুরে গুলি করে খুন, পড়ুয়াদের তাণ্ডবে আহত ৩ শিক্ষক – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের বারাণসীর উদয় প্রতাপ কলেজে এক ছাত্রকে দিনেদুপুরে গুলি করে খুনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নিহত পড়ুয়ার নাম সূর্য প্রতাপ সিং, যিনি বিএ চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। শুক্রবার সকালে সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের করিডোরে মনজিৎ চৌহান নামে অন্য এক ছাত্র তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সূর্যকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস ঘটনার পর কলেজ ক্যাম্পাসে ব্যাপক তাণ্ডব চালায় উত্তেজিত পড়ুয়ারা। তাঁরা কলেজের মূল গেট বন্ধ করে ভাঙচুর শুরু করে এবং বেশ কয়েকটি গাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত তিনজন শিক্ষক আহত হয়েছেন। নিহতের বাবা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
বর্তমানে কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে। পুলিশ ডাস্টবিন থেকে অভিযুক্তের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মনজিৎ ও তার সহযোগীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনা যোগীরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

