বারাসতে তৃণমূল কার্যালয়ে হামলা ও মহিলা কাউন্সিলরদের হেনস্তা, পুলিশের জালে ১০ বিজেপি কর্মী – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র বারাসাত। সোমবার শহরের হেলাবটতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং মহিলা কাউন্সিলরদের হেনস্তার অভিযোগে ১০ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
সোমবার বিকেলে বারাসাতের হেলাবটতলা মোড়ে ১ নম্বর জাতীয় সড়ক ও ব্যারাকপুর রোডের সংযোগস্থলে উত্তেজনা ছড়ায়। সেই সময় রথের ওপর বক্তব্য রাখছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অভিযোগ, আইএনটিটিইউসি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা তৃণমূলের দুই মহিলা কাউন্সিলর শিল্পী দাস ও মৌমিতা দত্তর ওপর চড়াও হন বিজেপি কর্মীরা। লাঠি নিয়ে অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর এবং শাসকদলের কর্মীদের মারধরের পাশাপাশি বেশ কিছু বাইক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনার তদন্তে নেমে সোমবার রাত ও মঙ্গলবার সকালে বারাসাত ও দত্তপুকুর এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হলে তাঁরা বিজেপির সমর্থনে স্লোগান দেন। বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের আইএনটিটিইউসি সভাপতি তাপস দাশগুপ্ত বলেন, “মহিলাদের প্রকাশ্যে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা নক্কারজনক। অপরাধ করলে পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে না।”
অন্যদিকে, এই গ্রেপ্তারিতে পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তাপস মিত্রের দাবি, “বামনগাছিতে আমাদের কর্মীরা আক্রান্ত হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অথচ বারাসাতের ঘটনায় আমাদের কর্মীদের বেছে বেছে ধরা হচ্ছে। ২০২৬ সালে ক্ষমতায় এসে আমরা এই দলদাস পুলিশদের দেখে নেব।” এই ঘটনায় এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

