বারুইপুরে জমি বিবাদে ভাইয়ের চোখে অ্যাসিড ছুড়ে খুনের চেষ্টা, গ্রেফতার ৬ – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার যোগী বটতলা এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার রাতে মমতাজ খান নামে এক ব্যক্তি তাঁর জেঠতুতো ভাই টোটন খানের চোখে হঠাৎ অ্যাসিড ছুড়ে মারেন বলে অভিযোগ। এরপর দা দিয়ে কুপিয়ে তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়। গুরুতর জখম অবস্থায় টোটন খানকে উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে এবং পরে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মমতাজ ও টোটনের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, মমতাজ জোরপূর্বক জমি দখল করে তা বিক্রির চেষ্টা করছিলেন, যা নিয়ে শনিবার রাতে গণ্ডগোল চরমে ওঠে। ইতিপূর্বেও টোটনের পরিবারকে মারধর করার অভিযোগ রয়েছে মমতাজের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছালে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয়। উত্তেজিত জনতা অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় মূল অভিযুক্ত মমতাজ খানসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, টোটনকে পরিকল্পিতভাবে খুনের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকায় নিরাপত্তা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

