লেটেস্ট নিউজ

বালিতে প্রার্থী অসন্তোষ তুঙ্গে: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক যুবকর্মীর – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে সঞ্জয় সিংয়ের নাম ঘোষণা হতেই গেরুয়া শিবিরে তীব্র অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। ‘বহিরাগত’ প্রার্থী মানা হবে না এই দাবিতে সরব হয়ে শুক্রবার সন্ধ্যায় বালির প্রায় ৭০ জন বুথ সভাপতি এবং ১৭টি শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেন। রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের কাছে লিখিত অভিযোগ পাঠানোর পাশাপাশি দলীয় কার্যালয়ে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ও স্লোগান প্রদর্শন করেন ক্ষুব্ধ কর্মীরা।

এই ডামাডোলের মধ্যেই শনিবার রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে বিজেপির যুব মোর্চার প্রায় একশো কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। ঘাসফুল শিবিরের প্রার্থী কৈলাস মিশ্রের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তাঁরা। তৃণমূলের দাবি, বুথস্তরের কর্মীরা দলত্যাগ করায় বালিতে বিজেপির সাংগঠনিক ভিত্তি কার্যত ভেঙে পড়েছে। অন্যদিকে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক কাজে যুক্ত ব্যক্তিদের নিয়ে প্রচার চালানোর গুরুতর অভিযোগও তুলেছে শাসকদল।

বিজেপি প্রার্থী সঞ্জয় সিং অবশ্য এই বিক্ষোভকে সাময়িক ‘ভুল বোঝাবুঝি’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, বড় পরিবারে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা দ্রুত মিটে যাবে। তবে বিজেপির জেলা নেতৃত্ব তৃণমূলের তোলা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, রাজনৈতিক ফায়দা লুটতেই শাসকদল এই ধরণের অপপ্রচার চালাচ্ছে, যা নির্বাচনী ময়দানে কোনো প্রভাব ফেলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *