বালিতে বিজেপির প্রার্থী নিয়ে তুঙ্গ বিক্ষোভ, ভূমিপুত্র দাবিতে ৯০ জন পদাধিকারীর গণ-ইস্তফা – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে নজিরবিহীন কোন্দলে জড়িয়েছে বিজেপি। ‘বহিরাগত’ তকমা দিয়ে সঞ্জয় সিং-কে প্রার্থী করার প্রতিবাদে দলীয় কার্যালয়ের ভেতরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে আরও জটিল হয়ে ওঠে যখন ২ জন মন্ডল কর্মকর্তা, ১৭ জন শক্তি কেন্দ্র প্রমুখ এবং ৭০ জন বুথ সভাপতিসহ প্রায় ৯০ জন পদাধিকারী একযোগে দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন।
বিক্ষোভকারীদের দাবি, নিচুতলার কর্মীদের আবেগ উপেক্ষা করে স্থানীয় ভূমিপুত্রের বদলে অন্য এলাকার নেতাকে প্রার্থী হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। প্রাক্তন মন্ডল সভাপতি ইন্দ্রনীল দাশগুপ্ত স্পষ্ট জানিয়েছেন, প্রার্থী বদল না করলে তাঁরা দলের হয়ে কোনও নির্বাচনী কাজ করবেন না। প্রতিবাদী কর্মীদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি থাকা সত্ত্বেও বহিরাগত প্রার্থীকে গ্রহণ করা আসাম্ভব, যা নিয়ে এলাকায় সাধারণ মানুষের কাছেও তাঁদের হাস্যস্পদ হতে হচ্ছে।
অন্যদিকে, বিক্ষোভের মুখেও অনড় প্রার্থী সঞ্জয় সিং এই বিদ্রোহকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তিনি বিষয়টিকে সাময়িক আবেগ এবং বিরোধীদের ইন্ধন হিসেবে বর্ণনা করে দাবি করেছেন যে, আলোচনার মাধ্যমে সব মিটে যাবে। তবে তৃণমূল কংগ্রেস এই সুযোগে ঘরোয়া বিবাদকে কটাক্ষ করে দাবি করেছে যে, ক্ষুব্ধ বিজেপি কর্মীরা তাঁদের দলে যোগ দিচ্ছেন। নির্বাচনের মুখে এই গণ-পদত্যাগ বালিতে গেরুয়া শিবিরের সাংগঠনিক শক্তিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

