লেটেস্ট নিউজ

বালিতে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ ও দলবদল, সৌজন্যের রাজনীতিতে শামিল তৃণমূল-বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা ভোটের মুখে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে নাটকীয় মোড়। শনিবার বিজেপি প্রার্থী সঞ্জয় সিংহকে অপছন্দ জানিয়ে দলীয় কর্মীদের একাংশ বিক্ষোভ দেখান এবং ক্ষুব্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলত্যাগী এই কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সংশ্লিষ্ট কেন্দ্রের ঘাসফুল শিবিরের প্রার্থী কৈলাস মিশ্র। প্রার্থী বাছাইকে কেন্দ্র করে পদ্ম শিবিরের অভ্যন্তরীণ কোন্দল এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বিকেলে দলবদল ও সমালোচনা চললেও সন্ধ্যায় বালির হনুমান মন্দিরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রচার চলাকালীন মুখোমুখি হন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র এবং বিজেপি প্রার্থী সঞ্জয় সিংহ। একে অপরকে সৌজন্য বিনিময় করে জড়িয়ে ধরেন তাঁরা। কৈলাস মিশ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আশীর্বাদ চাইলে সঞ্জয় সিংহও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাজনীতির ময়দানে লড়াই থাকলেও ব্যক্তিগত সৌজন্য বজায় রাখার এই দৃশ্য নজর কেড়েছে সাধারণ মানুষের।

প্রার্থীরা জানান, রাজনৈতিক আদর্শের লড়াই ভোটবাক্সে সীমাবদ্ধ থাকবে, কিন্তু ব্যক্তিগত স্তরে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি অটুট রাখা জরুরি। বালিতে একদিকে যখন দলীয় অসন্তোষ ও দলবদলের রাজনীতি চলছে, অন্যদিকে দুই হেভিওয়েট প্রার্থীর এই বিরল সৌজন্যের ছবি রাজ্য রাজনীতিতে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *