বালুরঘাটে দুর্ধর্ষ চুরির নতুন ছক: প্রতিবেশীদের বন্দি করে ব্যবসায়ীর ঘর সাফ! – এবেলা
এবেলা ডেস্কঃ
বালুরঘাটের পদ্মপুকুর এলাকায় ব্যবসায়ী সুমিত রায়ের ফাঁকা বাড়িতে গভীর রাতে হানা দিল চোরেরা। পরিবারের সদস্যরা কলকাতায় থাকায় বাড়িটি কয়েকদিন জনশূন্য ছিল। এই সুযোগে দুষ্কৃতীরা আশেপাশে তিন-চারটি প্রতিবেশী বাড়ির প্রধান গেট বাইরে থেকে আটকে দেয়, যাতে কেউ বাধা দিতে না পারে। এরপর নির্বিঘ্নে বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় দুষ্কৃতী দলটি।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আলমারি ভেঙে নগদ ১২ হাজার টাকা, তিন ভরি সোনা এবং ঠাকুরঘরের রুপোর মূর্তি লুট করা হয়েছে। চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৫ থেকে ৬ লক্ষ টাকা। সকালে প্রতিবেশীরা বের হতে না পেরে বিষয়টি টের পান। বালুরঘাট থানা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার কিনারা করার চেষ্টা চালাচ্ছে, তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

