বালুরঘাটে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সমর্থনে তৃণমূলের বর্ণাঢ্য প্রচারযাত্রা – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া অঞ্চলের চকরাম এলাকায় গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেস, কিষান খেত মজদুর এবং মহিলা তৃণমূল কংগ্রেসের যৌথ পরিচালনায় এই কর্মসূচিটি সফল হয়। দলীয় নেতা-কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমর্থনে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।
মিছিল থেকে মূলত ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে অনুদান বৃদ্ধি, ভূমিহীন কৃষকদের বিশেষ আর্থিক সহায়তা এবং যুব সাথী প্রকল্পের সুবিধাগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়োপযোগী পদক্ষেপগুলি সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে। সরকারের এই সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলি প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক কুমার মিত্র এবং কিষান খেত মজদুর সংগঠনের জেলা সভাপতি শাহেনশা মোল্লা। এছাড়াও জেলা মহিলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সভা শেষে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন নেতৃত্বরা।

