লেটেস্ট নিউজ

বিএসএনএল কর্তার জন্য অন্তর্বাস থেকে তেল মালিশের ব্যবস্থা! ৫০ অফিসারের ডিউটি ঘিরে তোলপাড় দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

আর্থিক সংকটে ধুঁকতে থাকা বিএসএনএল (BSNL) সংস্থার বোর্ড ডিরেক্টর বিবেক বানজালের প্রয়াগরাজ সফর ঘিরে লঙ্কাকাণ্ড বেঁধেছে। ওই কর্তার সেবায় ৫০ জন উচ্চপদস্থ আধিকারিককে মোতায়েন করার পাশাপাশি তাঁর অন্তর্বাস, তোয়ালে, তেল ও ফলের ব্যবস্থা করার সরকারি নির্দেশিকা ফাঁস হতেই বিতর্ক তুঙ্গে।

বিলাসিতার নজিরবিহীন নির্দেশিকা

বিবেক বানজালের প্রয়াগরাজের সঙ্গমে পুণ্যস্নানের জন্য যে অফিস অর্ডার জারি করা হয়েছিল, তাতে ডিরেক্টরের ব্যক্তিগত ব্যবহারের জন্য শেভিং কিট, টুথব্রাশ থেকে শুরু করে অন্তর্বাস পর্যন্ত কিনে রাখার দায়িত্ব দেওয়া হয় সরকারি অফিসারদের। এমনকী ঘাট ও সার্কিট হাউসে দামী ফল ও শুকনো ফলের (ড্রাই ফ্রুটস) ব্যবস্থাও রাখতে বলা হয়।

কড়া ব্যবস্থা ও বদলি

সোশ্যাল মিডিয়ায় এই ‘লজ্জাজনক’ নির্দেশিকা ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একে ‘অগ্রহণযোগ্য’ ও ‘শকিং’ বলে নিন্দা করেছেন। ঘটনার জেরে তড়িঘড়ি বানজালের সফর বাতিল করা হয়েছে। নির্দেশিকায় সই করা যোগেশ্বর বর্মা এবং প্রয়াগরাজের উচ্চপদস্থ আধিকারিক ব্রিজেন্দ্র কুমার সিংকে শাস্তিস্বরূপ অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে বদলি করা হয়েছে।

বিএসএনএল কর্তৃপক্ষের দাবি, এই ঘটনা সংস্থার পেশাদারিত্ব ও আদর্শের পরিপন্থী। দোষীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে। তবে কর্মীদের একাংশের প্রশ্ন, অধস্তন অফিসাররা কি নিজেদের ইচ্ছায় এমন নির্দেশ দিয়েছিলেন, নাকি ওপর মহলের চাপ ছিল? এই প্রশ্ন ঘিরেই এখন সরগরম টেলিকম মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *