বিগত ৭ বছরে উষ্ণতম জানুয়ারি দিল্লিতে, উঠছে দূষণ বিধিনিষেধ – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লিতে শীতের বিদায়ঘণ্টা কি তবে বেজে গেল? বৃহস্পতিবার রাজধানীর সফদরজং এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা গত ৭ বছরে জানুয়ারির উষ্ণতম দিন। আইএমডি-র তথ্য অনুযায়ী, এটি স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি বেশি। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা শীত কমারই ইঙ্গিত দিচ্ছে।
এদিকে বায়ুমানের উন্নতি ঘটায় দিল্লি-এনসিআর এলাকা থেকে ‘গ্রাফ ৩’ (GRAP 3) পর্যায়ের দূষণ বিধিনিষেধ তুলে নিয়েছে প্রশাসন। আবহাওয়া অনুকূল থাকায় এবং দূষণ মাত্রা নিয়ন্ত্রণে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বায়ুমান যাতে পুনরায় খারাপ না হয়, সেজন্য বাসিন্দাদের পরবর্তী ধাপের নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

