বিগ ব্যাশে ‘কিং’ বাবরের চরম ভরাডুবি, পাক তারকাকে বিদ্রূপ করে মাঠ ছাড়ালেন স্টয়নিস! – এবেলা
এবেলা ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছেন না বাবর আজম। সিডনি সিক্সার্সের হয়ে বড় অঙ্কের চুক্তিতে দলে এলেও ব্যাট হাতে রান পাচ্ছেন না এই পাক তারকা। মেলবোর্ন স্টারসের বিপক্ষে মাত্র ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ বলে ১৪ রান করে আউট হন বাবর। অফ ফর্মের ধারাবাহিকতায় তাঁর এমন ব্যাটিং পারফরম্যান্স ক্রিকেট মহলে চরম সমালোচনার জন্ম দিয়েছে।
বাবরকে এলবিডব্লু করার পর অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে রীতিমতো গর্জন ও বিদ্রূপাত্মক হাসিতে মাততে দেখা যায়। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়েন বাবর। মাঠের এই উত্তপ্ত পরিস্থিতি ও বাবরের মন্থর ব্যাটিং সিক্সার্স সমর্থকদের হতাশ করেছে। তবে বাবরের ব্যর্থতার দিনেও সিক্সার্স সহজেই ম্যাচ জিতে নেয়, অন্যদিকে হ্যারিস রাউফও বল হাতে ছিলেন নিষ্প্রভ।

