বিগ ব্যাশ লিগে আগুন আতঙ্ক: কালো ধোঁয়ায় ঢাকল অপটাস স্টেডিয়াম – এবেলা
এবেলা ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্লে-অফ ম্যাচে মঙ্গলবার পার্থ স্করচার্স ও সিডনি সিক্সার্স লড়াই চলাকালীন তীব্র আতঙ্ক ছড়ায়। পার্থের অপটাস স্টেডিয়ামের বাইরে হঠাৎ আগুন লাগায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গ্যালারির একাংশ। স্টিভ স্মিথ ও বাবর আজ়মদের এই হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন এমন ঘটনায় দর্শকদের মধ্যে সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয়।
তৎপরতার সঙ্গে স্টেডিয়াম কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, স্টেডিয়ামের বাইরে জঞ্জাল পোড়ানোর সময় আগুনের শিখা বড় হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। তবে কোনো চোট-আঘাতের খবর পাওয়া যায়নি এবং খেলা বন্ধ না করেই পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

