লেটেস্ট নিউজ

বিচারব্যবস্থার ওপর ক্ষোভ উগরে দিলেন ইমরান খান, স্ত্রী বুশরা বিবির প্রতি অমানবিক আচরণের অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে পুত্র কাসিম খানের সঙ্গে ফোনালাপে দেশের বিচারব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত স্বার্থে বিচারকেরা নিজেদের বিবেক ও সততা বিক্রি করে দিয়েছেন। আদালত থেকে তিনি এবং তাঁর স্ত্রী বুশরা বিবি কোনো ন্যায়বিচার পাচ্ছেন না বলে দাবি করেছেন পিটিআই প্রধান।

ছেলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ইমরান জানান, তাঁকে মানসিকভাবে ভাঙতে না পেরে তাঁর স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। বুশরা বিবিকে দীর্ঘ সময় নির্জনে আটকে রাখা ইসলামি মূল্যবোধের পরিপন্থী বলে তিনি উল্লেখ করেন। ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে এই ধরণের আচরণ করা হচ্ছে বলে তিনি পাকিস্তানের সামরিক ও প্রশাসনিক কর্তৃপক্ষকে পরোক্ষভাবে কটাক্ষ করেন।

লন্ডনপ্রবাসী দুই পুত্র সুলেমান ও কাসিম দীর্ঘ প্রতীক্ষার পর বাবার সঙ্গে কথা বলার সুযোগ পান। এদিকে শাহবাজ শরিফ সরকার তাঁদের পাকিস্তানে আসার ভিসা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, ব্রিটিশ নাগরিকত্ব ও নিরাপত্তার খাতিরে বিশেষ পরিচয়পত্র ব্যবহার করে পাকিস্তান সফরে নারাজ তাঁদের মা জেমিমা গোল্ডস্মিথ। সব মিলিয়ে কারাবন্দি ইমরানের পারিবারিক ও আইনি লড়াই নতুন মাত্রা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *