বিজয়-রশ্মিকার রিসেপশনে বিশেষ অতিথি প্রধানমন্ত্রী, আমন্ত্রিত হেভিওয়েট নেতারাও – এবেলা
এবেলা ডেস্কঃ
২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় বিয়ের পর এবার হায়দরাবাদে গ্র্যান্ড রিসেপশনের প্রস্তুতি নিচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। আগামী ৪ মার্চ আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নবদম্পতি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়ার পাশাপাশি তাঁকে একটি বিশেষ শাল উপহার দেন তারা। মোদী ইতিপূর্বেই চিঠির মাধ্যমে এই তারকা জুটিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন।
প্রধানমন্ত্রী ছাড়াও রাজনৈতিক জগতের একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজয় ও রশ্মিকা ইতিপূর্বেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে তাঁকে একটি রূপোলি গণেশ মূর্তি উপহার দিয়ে নিমন্ত্রণ জানিয়েছেন। এছাড়াও নবদম্পতি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সঙ্গেও সাক্ষাৎ করে রিসেপশনে আসার অনুরোধ জানান।
বিয়ের পর শুক্রবার প্রথমবার জনসমক্ষে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা দম্পতি। লাল আনারকলি পোশাকে রশ্মিকা এবং কুর্তা-পায়জামায় বিজয়কে বিমানবন্দরে বেশ হাসিখুশি দেখাচ্ছিল। উদয়পুরের আইটিসি মেমেন্টোসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের চার হাত এক হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাতের ছবি ও বিয়ের মুহূর্তগুলো ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।

