লেটেস্ট নিউজ

বিজেপিকে ‘হ্যাংলা’ কটাক্ষ মমতার, ভাষা দিবসের মঞ্চ থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ শাণালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা এবং পশ্চিমবঙ্গ ‘দখলে’র চেষ্টার প্রসঙ্গ টেনে তিনি পদ্মশিবিরকে ‘হ্যাংলা’ বলে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, গায়ের জোরে মানুষের মন জয় করা যায় না এবং বাংলাকে বুঝতে হলে আগে এখানকার ভাষাকে সম্মান করতে হবে।

পরিযায়ী শ্রমিকদের ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে হেনস্থা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মাতৃভাষার ওপর আঘাত এলে বাংলা কখনও মাথা নত করবে না। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে কিছু মানুষ বাংলার সংস্কৃতি ও অধিকার হরণের চেষ্টা চালাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিকে ‘একনায়কতন্ত্র’ আখ্যা দিয়ে তিনি স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, মাতৃভাষা দিবস কেবল একটি ভাষার নয়, বরং সমস্ত ভাষাকে সম্মান জানানোর দিন। পশ্চিমবঙ্গে ভিন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ শান্তিতে থাকলেও অন্য রাজ্যে বাঙালিদের কেন লক্ষ্যবস্তু করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। পরিশেষে তিনি হুঁশিয়ারি দেন যে, বাংলার মানুষের খাদ্যাভ্যাস বা পোশাকের ওপর কোনো জবরদস্তি বা বুলডোজার চালানো বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *