বিজেপিতে ‘নবীন’ যুগের শুরু, ‘মিলেনিয়াল বস’কে শুভেচ্ছা মোদীর – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির সাংগঠনিক রাজনীতিতে এক ঐতিহাসিক প্রজন্মের রদবদল ঘটে গেল। মাত্র ৪৫ বছর বয়সে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতি পদে বসলেন নিতিন নবীন। মঙ্গলবার দিল্লির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব গ্রহণ করেন তিনি। জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হয়ে বিজেপির ১২তম এবং সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে নয়া রেকর্ড গড়লেন বিহারের এই ভূমিপুত্র।
মোদীর মুখে ‘মিলেনিয়াল’ নেতার প্রশংসা
নতুন সভাপতিকে বরণ করে নিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ‘মিলেনিয়াল বস’ বলে সম্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, “নিতিনজি সেই প্রজন্মের প্রতিনিধি যারা রেডিওর যুগ থেকে এআই (AI) প্রযুক্তির রূপান্তর দেখেছে। আজ থেকে আমি দলের একজন কর্মী এবং নিতিন নবীনজি আমার বস।” মোদী আরও যোগ করেন, এনডিএ জোটের শরিকদের সঙ্গে সমন্বয় রক্ষা এবং দলকে আগামী নির্বাচনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নিতিনেরুণ তারুণ্য ও অভিজ্ঞতা বড় সম্পদ হবে।
রাজনৈতিক উত্থান: ছাত্র রাজনীতি থেকে দিল্লির মসনদ
বিহারের বর্ষীয়ান নেতা নবীন কিশোর প্রসাদ সিনহার ছেলে নিতিন ২০০৬ সালে রাজনীতিতে পা রাখেন। ছাত্রাবস্থায় এবিভিপি (ABVP)-র সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে বিজেপির যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেন। বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে টানা পাঁচবার বিধায়ক নির্বাচিত হওয়া নিতিন বিহারের মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। ছত্তিসগড়ে দলের ইনচার্জ থাকাকালীন তাঁর সাংগঠনিক কৌশল শীর্ষ নেতৃত্বের নজর কেড়েছিল।
নজরে বাংলা সফর
দায়িত্ব নেওয়ার পরই জল্পনা শুরু হয়েছে নিতিন নবীনের প্রথম সফর নিয়ে। দলীয় সূত্রের খবর, চলতি মাসেই পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন নয়া সর্বভারতীয় সভাপতি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দলের সংগঠন মজবুত করা এবং অন্তর্কলহ মেটানোই হবে তাঁর প্রাথমিক চ্যালেঞ্জ।
এক নজরে নিতিন নবীন:
- বয়স: ৪৫ বছর (বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতি)।
- অভিজ্ঞতা: ৫ বারের বিধায়ক এবং বিহারের প্রাক্তন মন্ত্রী।
- বিশেষত্ব: মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি হিসেবে প্রযুক্তিবান্ধব ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন।
