লেটেস্ট নিউজ

বিজেপিতে প্রার্থী অসন্তোষ: ভগবানপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, ২৪ ঘণ্টার চরম হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ও খেজুরি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে বিদ্রোহ চরম আকার ধারণ করেছে। শুক্রবার মুগবেড়িয়ায় দলীয় কার্যালয়ের সামনে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির ঘনিষ্ঠ ও বিরোধী গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় মণ্ডল যুব মোর্চার সভাপতি রাজশেখর বরের মাথা ফেটেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মূলত খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিককে ভগবানপুরে প্রার্থী করায় স্থানীয় নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।

বিক্ষুব্ধ বিজেপি নেতাদের দাবি, বহিরাগত প্রার্থী কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভগবানপুর-২ মণ্ডলের সভাপতি বুদ্ধদেব প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য শোভন মেইকাপ স্পষ্ট জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল না করা হলে তাঁরা গণইস্তফা দেবেন। শনিবার থেকে ভগবানপুর নির্বাচনী কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, খেজুরিতেও সুব্রত পাইকের প্রার্থিপদ বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা।

দলীয় সূত্রের খবর, খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিকের সঙ্গে জেলা সম্পাদক পবিত্র দাসের দীর্ঘদিনের সংঘাতই এই পরিস্থিতির মূলে। গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে শান্তনুকে ভগবানপুরে এবং পবিত্রর ঘনিষ্ঠ সুব্রতকে খেজুরিতে প্রার্থী করা হলেও হিতে বিপরীত হয়েছে। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায় অবশ্য জানিয়েছেন, ক্ষোভ-বিক্ষোভ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে। তবে আন্দোলনের মাটিতে কর্মীদের এই অনড় মনোভাব পদ্ম শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *