লেটেস্ট নিউজ

বিজেপিতে প্রার্থী অসন্তোষ: চাঁপদানিতে দিলীপ সিংকে বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ ও হাতাহাতি – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির চাঁপদানি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ সিংকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ কোন্দল চরমে উঠেছে। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ “বহিরাগত প্রার্থী মানছি না, মানবো না” স্লোগান তুলে সরব হয়েছেন। বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে দিলীপ সিংয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ব্যানার ও ফ্লেক্স লাগানো হয়েছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ব্যানার লাগানোকে কেন্দ্র করে শুক্রবার বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপক্ষ ব্যানার টাঙাতে গেলে অন্যপক্ষ তা বাধা দেয়, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত দুই পক্ষকেই পুলিশের দ্বারস্থ হতে হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, গত নির্বাচনে পরাজিত হওয়ার পর দিলীপ সিং কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেননি, তাই এবার তারা ‘ভূমিপুত্র’ প্রার্থী চান।

বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন জানান, বিজেপির প্রার্থীর বিরুদ্ধে তাদের নিজস্ব কর্মীদের এই গণবিক্ষোভ প্রমাণ করে যে দলে কোনো শৃঙ্খলা নেই। প্রার্থীর জনবিচ্ছিন্নতা এবং অন্তর্কলহ সাধারণ মানুষের সামনে স্পষ্ট হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে চাঁপদানি এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *