বিজেপির ‘ডবল ইঞ্জিন’ মডেলকে ‘ডবল ধ্বংস’ বলে তীব্র আক্রমণ তৃণমূলের – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে রাজনৈতিক জমি প্রস্তুত করার পর এবার বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালো তৃণমূল কংগ্রেস। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে ঘাসফুল শিবির দাবি করেছে, বিজেপির ডবল ইঞ্জিন শাসন মানেই দ্বিগুণ ধ্বংস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বঙ্গ সফরের প্রাক্কালে এনসিআরবি-র তথ্য তুলে ধরে গেরুয়া শিবিরের উন্নয়নের দাবিকে ‘জুমলা’ বলে কটাক্ষ করেছে শাসক দল।
তৃণমূলের অভিযোগে নারী সুরক্ষা ও অপরাধের খতিয়ানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এনসিআরবি-র পরিসংখ্যান উদ্ধৃত করে তারা জানায়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি মহিলাদের জন্য কার্যত নরকতুল্য হয়ে উঠেছে। এমনকি জাতীয় রাজধানী দিল্লিতেও মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সর্বোচ্চ। এছাড়া বিহার, উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে বিপুল সংখ্যক যুবক কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন বলে কর্মসংস্থান ইস্যুতেও বিজেপিকে বিঁধেছে তৃণমূল।
দলিত ও আদিবাসীদের ওপর নির্যাতনের প্রশ্নেও সরব হয়েছে ঘাসফুল শিবির। তাদের দাবি, ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশসহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে তফসিলি জাতি ও উপজাতিরা প্রতিনিয়ত অপমান ও প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন। বিহারে গরিবদের টাকা ফেরত চাওয়া এবং মহারাষ্ট্রের জনকল্যাণমূলক প্রকল্প থেকে লক্ষ লক্ষ মহিলাকে বাদ দেওয়ার নজির টেনে তৃণমূল মোদি সরকারকে ‘ফাঁকা বুলি’ বন্ধ করে নাগরিকদের মর্যাদা রক্ষার পরামর্শ দিয়েছে।

